রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাংলা বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল হক ঘুমের ওষধ খেয়ে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
তার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে লাইফ সার্পোট দিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার স্বজনরা জানান, শনিবার রাত ৮টার দিকে প্রক্টর ড. নাজমুল হক ক্যাম্পাস থেকে নগরীর লালকুঠি এলাকায় ভাড়া বাসায় রিকশা যোগে ফিরছিলেন। পথিমধ্যেই তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এতে করে তিনি বাসায় না ফিরে আবারো ক্যাম্পাসে ফিরে যান।
সেখানে গিয়ে তার চেম্বারে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে তিনি শতাধিক ঘুমের ট্যাবলেট সেবন করে অচেতন হয়ে পড়েন। রাত ১২টা পর্যন্ত বাসায় আর না ফেরায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় বিষয়টি তার সহকর্মীসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান তার স্ত্রী।
গভীর রাত পর্যন্ত তার সহকর্মীরা তার সন্ধানে নগরীর বিভিন্ন এলাকাসহ পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তন্নতন্ন করে সন্ধান করে না পেয়ে রোববার ভোরে তার চেম্বারে গিয়ে দরজা ভেঙে উদ্ধার করেন তাকে। পরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘুমের ওষধ সেবন করেছেন তিনি। কিন্তু কি কারণে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল তা জানা যায়নি।