ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলামকে স্থায়ীভাবে চাকুরিচ্যুতেরর দাবিতে আবারো আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে এ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। এর আগে অপরাজেয় বাংলার পাদদেশের সমাবেশ করেন তারা।
অবস্থান কর্মসূচি পালনকালে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক আ আ ম আরেফিন সিদ্দিকের সঙ্গে দেখা করেন।
উপাচার্য তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে, আদায়ে আগামী ২৫ সেপ্টেম্বর আবার সমাবেশের ডাক দিয়েছেন তারা।
গত ১৫ সেপ্টেম্বর আল্টিমেটাম দিয়ে গত সাতদিন ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালনও করেন শিক্ষার্থীরা।
আজ-সোমবার আল্টিমেটাম শেষে অনুষ্ঠিত সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষক সাইফুল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুতির জন্য আল্টিমেটাম দেয়া হয়েছিল। তবে আল্টিমেটাম শেষ হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এখন কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাই। অনতিবিলম্বে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।