ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে 'খ' ইউনিট থেকে ইংরেজি বিভাগে ভর্তির জন্য আসন রাখা আছে ১২৫টি। তবে ভর্তির শর্ত পূরণ করতে পেরেছেন মাত্র ২ জন পরীক্ষার্থী। বাকি ১২৩ আসন পূরণ নিয়ে বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
এ অবস্থায় ইংরেজি বিভাগে ভর্তির শর্ত শিথিল করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
বৃহস্পতিবার ইংরেজি বিভাগের পক্ষ থেকে শর্ত শিথিলের একটি প্রস্তাবও ইতোমধ্যে 'খ' ইউনিট ভর্তি কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ভর্তির আসন সংখ্যা পূর্ণ করা নিয়ে দুপুরে ইংরেজি বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে সভা করেছেন 'খ ইউনিট ভর্তি কমিটির প্রধান সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন।
সভাশেষে সাংবাদিকদের এ বিষয়ে কিছু জানান তিনি।
ইংরেজি চেয়ারপারসন অধ্যাপক তাহমিনা আহমেদ বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে পূর্বঘোষিত শর্ত পূরণ করতে পারেন নি অনেকে। ফলে সভায় আহ্বান করা হয়েছে। সেখানে উপস্থিত সবাই ভর্তির শর্ত শিথিল করার পক্ষে মতামত দিয়েছেন।
শর্ত শিথিলের প্রস্তাব ভর্তি কমিটির কাছে পাঠানো হবে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, অনুমোদন করলেই সেটি কার্যকর হবে।
তবে কোন কোন ক্ষেত্রে এবং কতটুকু শর্ত শিথিল করার প্রস্তাব করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট না তিনি বলেন, 'আমরা তো কোনো আসন খালি রাখতে পারি না। তাই শিথিলের প্রস্তাব করা হয়েছে।'
ঢাবিতে ইংরেজি বিভাগে এ বছর ১৫০ শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা রয়েছে। যার মধ্যে 'খ' ইউনিট থেকে আসবেন ১২৫ জন; বাকিরা 'ঘ' ইউনিট থেকে। কিন্তু 'খ' ইউনিট ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগের ভর্তির জন্য যে শর্ত রয়েছে তা পূরণ করতে পেরেছেন মাত্র ২ জন। আবার যোগ্য ২ জন প্রার্থী যদি অন্য কোনো বিভাগ বাছাই করে নেন, তাহলে যোগ্য প্রার্থী একজনও পাচ্ছে না ইংরেজি বিভাগ।
ইংরেজি বিভাগে ভর্তির জন্য এ বছর নতুন করে শর্তারোপে এ সংকটময় সৃষ্টি হয়েছে। ভর্তির শর্ত হিসেবে এবার এইচএসসি ও এসএসসিতে ইংরেজিতে ২০০ নম্বর থাকার পাশাপাশি ভর্তি পরীক্ষায় বাধ্যতামূলক ভাবে 'ইলেকটিভ ইংলিশ' উত্তর দেয়া বাধ্যতামূলক করা হয়।
ভর্তি পরীক্ষায় 'সাধারণ ইংরেজিতে' ২০ এবং 'ইলেকটিভ ইংলিশে’' ১৫ পেতে হবে। ১৯ সেপ্টেম্বর 'খ' ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ করা হয় গত মঙ্গলবার সন্ধ্যায়।
এবার ভর্তি পরীক্ষায় ৪০ হাজার ৫৬৫ জন প্রার্থীর মধ্যে ১৭০০ জন ইংরেজি বিভাগে ভর্তির শর্ত হিসেবে প্রশ্নপত্রের 'ইলেকটিভ ইংলিশ' অংশ উত্তর করেছেন। তাদের মধ্যে মাত্র ১৭ জনের জায়গা হয়েছে মোট উত্তীর্ণ তিন হাজার ৮৭৪ জনের তালিকায়। ১৭ জনের দুই জন 'ইলেকটিভ ইংলিশের' ১৫ নম্বর পাওয়ার শর্ত পূরণ করতে পেরেছেন। বাকি ১৫ জনের নম্বর ১৫ এর নিচে।
কলা অনুষদের নোটিশ বোর্ডে টানানো ফলাফল বিশ্লেষণ করে করে দেখা যায়, মেধাক্রম ৩-এ থাকা জান্নাতুল ফেরদৌস দোলা এবং মেধাক্রম ১০৬-এ থাকা শাহবাজ আমিন ভূঁইয়া ইংরেজি বিভাগে ভর্তির শর্ত পূরণ করতে পেরেছেন।