আওয়ামী লীগ ও বিএনপি- দুই সরকারের আমলেই শিক্ষার মান কমেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি: করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ক্ষমতা আঁকড়ে থাকতে দেশের শিক্ষা ব্যবস্থাসহ সব খাতে অনিয়ম-দুর্নীতি করেছে, যার ফলে শিক্ষার মান কমে গেছে।
শিক্ষাব্যবস্থার এ দৈন্যদশা দূর করতে না পারলে দেশ ভবিষ্যতে মেধাশূন্য হয়ে পড়বে বলেও আশঙ্কা করছেন আলোচনার বক্তাদের।
এ সময় স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ করে, দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তারা।
শিক্ষা খাতে অনিয়মের জন্য শিক্ষা মন্ত্রীকে দায়ী করে বক্তারা বলেন , তিনি যে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন তাতে ভবিষ্যতে সরকারের উচ্চ পর্যায়ে যারা চাকরি করবেন, তারা মেধাসম্পন্ন হবেন না।
শিক্ষাসহ বিভিন্ন খাতে দুর্নীতি করে দেশের তরুণ সমাজকে ধ্বংস করে দেয়া হচ্ছে— উল্লেখ করে দুর্নীতি-অনিয়ম বন্ধ করতে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা।