বর্তমানে দেশের শিক্ষার মান পূর্বের চেয়ে অনেক উন্নত--যারা শিক্ষার মান নিয়ে কথা বলছেন তাদের হয়তো এ বিষয়ে স্পষ্ট ধারনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের পুড়িয়ে দেয়া ছাত্রাবাস উদ্ধোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উদ্দেশ্যমূলকভাবে শিক্ষার মান নিয়ে এ সব কথা বলে শিক্ষার্থীদের হতাশ না করার জন্য সমালোচকদের অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।
গত পাঁচ বছরে দেশে শিক্ষার্থীর সংখ্যা দিগুণ বেড়েছে ও ঝরে পড়ার হার কমেছে-- উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার মান বৃদ্ধি পেলেও এতে আমরা সন্তুষ্ট নই। আমাদের আরো মান বৃদ্ধি করতে হবে, বিশ্বমানে পৌঁছতে হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ৭ জুলাই আধিপত্য নিয়ে ছাত্রাবাসে ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষের পর ছাত্রাবাসের দুইটি ব্লকে আগুন লাগিয়ে দেয়া হয়েছিল। তাদের দেয়া আগুনে বর্তমান শিক্ষামন্ত্রীসহ দেশে-বিদেশে বসবাসকারী অনেক বরেণ্য মানুষের এক সময়ের আবাসস্থল ছাত্রাবাসটি ভস্মীভূত হয়।
একই কলেজের আরেক শিক্ষার্থী বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সঙ্গে নিয়ে ভস্মীভূত ছাত্রাবাস দেখতে গিয়ে ওই সময় অনেকের মতো কেঁদেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় প্রতিশ্রুতি দিয়ে ছিলেন যে, পুরোনো আদলে নির্মানের।