ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পুনর্বহালের দাবি জানিয়ে শুক্রবার টিএসসি চত্তরে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
এদিকে, দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক। তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কিনা এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু জানাননি। শিক্ষার্থীদেরকে দেশের স্বার্থে নিজেদের স্বার্থ ত্যাগের আহবান জানিয়েছেন তিনি।
দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ উঠিয়ে দেয়ায় এই শিক্ষার্থীদের সামনে দেশের সর্বোচ্চ এ বিদ্যাপীঠে ভর্তি হওয়ার আর কোন সম্ভাবনা নেই। তাই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে হতাশ হয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এবারও এ সিদ্ধান্ত যদি এইচএসসি পরীক্ষার পরপরই দেয়া হত তাহলে সেভাবেই প্রস্তুতি নেয়ার সুযোগ থাকতো—উল্লেখ করে সিদ্ধান্ত পুনর্বিবেচার আবেদন জানিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীদের অর্ধেকই দ্বিতীয় সুযোগ পায়। এবারও ৪৮% শিক্ষার্থী দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে। শিক্ষার্থীদের দাবি, এই ৪৮% আসন তাদের মধ্যে ফিরিয়ে দেয়া হোক।