২৪ অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে ২৫ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র-শিক্ষক-অভিভাবক গণজমায়েতের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা। রোববার রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়।
তবে, বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছেন, জাতির বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
ভর্তি পরীক্ষায় অসম প্রতিযোগিতা, জালিয়াতি বন্ধ ও আসন শূন্য হওয়ার সমস্যা ঠেকাতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কোন শিক্ষার্থী দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেনা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সাধারণ সভায় এমন সিদ্ধান্তের পর থেকেই বিক্ষোভ করছেন এবার ভর্তি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা।
আরেফিন সিদ্দিক বলেন, ব্যক্তিস্বার্থ নয়, বৃহত্তর স্বার্থেই এ সিদ্ধান্ত। একটি মহল এসব শিক্ষার্থীদের উস্কে দিয়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তবে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ ধরণের আন্দোলনে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে বলে উপাচার্য জানান।