মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর চলতি বছরের ভর্তি পরীক্ষায় ২২ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী পাস করেছে এবং এ পাসের হার ৩৪% বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে চলতি শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ভর্তি প্রক্রিয়া আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ১০ জানুয়ারির মধ্যে।
বিস্তারিত ফলাফল স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) পাওয়া যাবে।
গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশের ২৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর সরকারি-বেসরকারি মোট ৮৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ১০ হাজার ২৯৯ আসনের বিপরীতে ৬৯ হাজার ৪৭৭ শিক্ষার্থী আবেদন করেন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের ২৯ সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ১৬২টি এবং ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। এছাড়া ৫৬টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আসনসংখ্যা যথাক্রমে ৫ হাজার ৩২৫ এবং ১ হাজার ২৮০।