হরতালের কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা সাচিব নজরুল ইসলাম খান তার মিন্টোরোডের বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি জানান, আগামী ২ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। ৩ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।
জামাতের হরতালের কারণে অনিশ্চয়তার মুখে ২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হলো। এতে বিপাকে পড়েছে প্রায় ২১ লাখ শিক্ষার্থী।
কমপক্ষে পরীক্ষার দিনগুলোতে হরতালের মতো কর্মসূচি না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি দাবি জানান উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবকরা।
আর হরতাল দেয়া হলে পরীক্ষা অনুষ্ঠানে সরকারের দ্রুত সিদ্ধান্ত জানানোর দাবি তাদের।
৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে বিএনপি-জামাত নেতৃত্বাধীন ১৮ দলের হরতাল-অবরোধের কারণে গত বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি বারবার পরিবর্তন করা হয়। বদলানো হয় পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষার সময়সূচিও। স্থগিত হয় ‘ও’ লেভেল- ‘এ’ লেভেলের একটি পরীক্ষাও। এতে অনিশ্চয়তার মধ্যে পড়ে লাখ লাখ ছাত্র-ছাত্রীর শিক্ষাজীবন।
এবারের শুরুতেই হরতালের মুখে পড়তে হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের। ২ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। আলবদর বাহিনীর প্রধান নিজামীর ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে জামাতের ডাকা হরতালের মধ্যে প্রথম দুদিনের পরীক্ষা দিন আগে থেকে ঠিক ছিল।
পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে এ ধরনের অনিশ্চয়তা শিক্ষার্থীদের প্রস্তুতি ও মানসিকতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক-অভিভাবকরা।
শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষার দিনগুলোতে এ ধরনের কর্মসূচি না দেয়ার আহ্বান জানান তারা।