আগামী ৬ ফেব্রুয়ারি ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পিএসসির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যাক পরীক্ষার্থী এবার আবেদন করায় সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়ার স্বার্থে পরীক্ষার তারিখ পেছানো হয়েছে বলে বিজ্ঞাপ্তিতে জানানো হয়।
গত ২৩ সেপ্টেম্বর প্রথম শ্রেণির ১ হাজার ৮০৩টি খালি পদে কর্মকর্তা নিয়োগের জন্য ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এবার সাধারণ ক্যাডারের ৪৫৫টি শূন্য পদের মধ্যে বিসিএস প্রশাসনে ৩০০টি পদে, আনসারে ৪টি, হিসাব ও নিরীক্ষায় ৪টি, সমবায়ে ৪টি, ইকোনমিক ক্যাডারে ৪০টি, পরিবার পরিকল্পনায় ১০টি, বিসিএস খাদ্যে ২টি, পররাষ্ট্র ক্যাডারে ২০টি, তথ্য ক্যাডারের ২টি পদে ১১টি, পুলিশে ৫০টি, ডাক বিভাগের ১০টি প্রথম শ্রেণির পদে নিয়োগ দেয়া হবে।
এছাড়া প্রফেশনাল/ টেকনিক্যাল ক্যাডারের ৪৮৪টি শূন্য পদে এবং সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি কলেজে বিভিন্ন বিষয়ে ৮২৯টি ও সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বিভিন্ন বিষয়ের ৩৫টি শূন্য পদের বিপরীতে কর্মকর্তা নিয়োগ করা হবে।
৩০ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবরের মধ্যে বিসিএসে অংশগ্রহণের জন্য আবেদন করেন প্রার্থীরা। ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১৯ মাস পর এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ফলে এবার পিএসসির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক (২ লাখ ৪৪ হাজার ১০৭ জন) প্রার্থী বিসিএসে অংশগ্রহণের জন্য আবেদন করেন।
নতুন নিয়ম অনুযায়ী আগের ১০০ নম্বরের পরিবর্তে এবার প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০০ নম্বরের। এমসিকিউ পদ্ধতিতে দুই ঘণ্টায় এ পরীক্ষা নেয়া হবে।