আগামী ৩ বছরের মধ্যে ঊচ্চ মাধ্যমিক স্তরেও জেন্ডার সমতা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার জাপানের নাগোয়ায় ‘শিক্ষার টেকসই উন্নয়ন’ শীর্ষক ৩ দিনব্যাপী ইউনেস্কো সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের মাধ্যমিক স্তরে জেন্ডার সমতা ২০১২ সালেই অর্জিত হয়েছে।
শিক্ষায় গত ৬ বছরে নানা অগ্রগতির কথা উল্লেখ করে নাহিদ বলেন, বর্তমানে আমাদের দেশে প্রাথমিকে ভর্তির হার ৯৯% উপরে।
মন্ত্রী বলেন, গত ছয় বছর ধরে পয়লা জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হচ্ছে। ২০১৫ সালের পয়লা জানুয়ারিতে প্রায় ৪ কোটি ৪৫ লাখ শিক্ষার্থীর হাতে প্রায় ৩৩ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হবে।
তিনি উপবৃত্তি প্রদান, আইটি প্রযুক্তির সম্প্রসারণ, শিক্ষাক্রম যুগোপযোগীকরণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিস্তার বাংলাদেশের শিক্ষাকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।
অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে বিশ্বসম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
জাপানের রাজকুমার নারোহিতো তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। মরক্কোর রাজকুমারী লাল্লা হাসনা মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে জাপানের শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হাকুবুন শিমোমুরা, ওমানের শিক্ষামন্ত্রী মিজ্ মাদিহা আহমেদ আল শাইবানি ও ইউনেস্কো’র মহাপরিচালক মিজ্ ইরিনা বেকোভা বক্তৃতা করেন।
সম্মেলনে জাতিসংঘের রাষ্ট্রসমূহের সহস্রাধিক মন্ত্রী, উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠক ও বিভিন্ন দেশের বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস