রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলামকে হত্যার জন্য প্রগতিশীল চেতনাবিরোধী উগ্রবাদী প্রতিক্রিয়াশীল ধর্মীয় গোষ্ঠীকে দায়ী করেছে তার ছেলে সৌমিন শাহরিদ (২০)। বাবাকে হত্যার আগে ওই গোষ্ঠী বাসায় কাফনের কাপড় পাঠিয়েছিল বলে জানান তিনি।
রোববার দুপুরে জোহরের নামাজের পরে শফিউল ইসলামের দাফন সম্পন্ন হয়। গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর সরকার বাড়ির উঠানে তাকে দাফনের পর সাংবাকিদদের এসব কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সৌমিন শাহরিদ বলেন, ছাত্রজীবন থেকে প্রগতিশীল চেতনার আদর্শ বুকে লালন পালন করতেন বাবা। তিনি সব সময় জঙ্গিবাদের বিপক্ষে ছিলেন, মানুষকে ভালোবাসতেন, সত্য কথা বলতেন, সত্য পথে চলতেন। এতে প্রতিক্রিয়াশীল একটি ধর্মীয় গোষ্ঠী তাঁর প্রতি রুষ্ট ছিল। বাবাকে হত্যার আগে ওই গোষ্ঠী বাসায় কাফনের কাপড় পাঠিয়েছে। হত্যাকারী কারা তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জানা।
সকালে গিয়ে দেখা যায় বাবার লাশের পাশে বসে একমাত্র ছেলে সৌমিন শাহরিদ কাঁদছেন। বৃদ্ধা মা সখিনা বেগম (৮০) বারবার জ্ঞান হারাচ্ছিলেন। মায়ের পাশে বসে কাঁদছিলেন শফিউল ইসলামের চার বোন আইরিন সুলতানা, ওয়াসিম রুমানা, রোখসানা সুলতানা ও সাবিহা সুলতানা।