স্থায়ীভাবে কোনো শিক্ষক নিয়োগ না হওয়ায় প্রতিষ্ঠার ৫ বছরের মাথায়ই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা কার্যক্রম। অতিথি শিক্ষক হিসেবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক দিয়ে কোনো রকমে ক্লাস চালানো হচ্ছে। এছাড়াও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও লোকবলের অভাবে সেগুলো কাজেও লাগানো যাচ্ছে না।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ২০০৯ সালে একটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটিতে নেই স্থায়ী নিয়োগপ্রাপ্ত কোনো শিক্ষক। স্থানীয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের দিয়ে কোনো রকমে ক্লাস চালানো হচ্ছে। এমনকি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষই কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যবহারিক ক্লাসের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও পর্যাপ্ত লোকবলের অভাবে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। এছাড়াও রয়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধার অভাব। ফলে কলেজের এ দুর্দশায় হতাশ শিক্ষার্থীরা।
কলেজের নানা সমস্যার কথা স্বীকার করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন বলেন, খুব তাড়াতাড়ি শিক্ষক নিয়োগের দেয়া হবে।