হল দখলকে কেন্দ্র করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৃহস্পতিবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় প্রক্টর হিমাদ্র শেখর রায়সহ আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ঠকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের আজ বিকেল ৪টার মধ্যে ও ছাত্রীদের আগামীকাল সকাল ৮টা মধ্যে হলত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তীর নেতৃত্বে নেতাকর্মীরা শাহ পরান ও বঙ্গবন্ধু হলে গিয়ে সহ-সভাপতি অঞ্জন রায়ের পক্ষের নেতাকর্মীদের বের করে দেন। এরপর অঞ্জন রায়ের পক্ষের কর্মীরা সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। ওই সময় কয়েক রাউন্ড গুলি ও ৮-১০টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে সভাপতি পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে হলের দিকে চলে যান। এ সময় ক্যাম্পাসে অবস্থান নেন সহ-সভাপতির পক্ষের নেতাকর্মীরা।
পরে দুপুর পৌনে ১২টার দিকে উভয়পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিলে সভাপতি পক্ষ হলের দিকে এবং সহসভাপতির পক্ষ ক্যাম্পাসের দিক দিয়ে পরস্পরের মুখোমুখি অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে অবস্থান নেয় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।