দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগের ২ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার ও উপাযার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ডাকা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ৭ম দিন অব্যাহত রয়েছে। রোববার-আজকে মধ্যে দাবি মেনে না নেয়া হলে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেয়ার কথা রয়েছে ছাত্রলীগের।
গত সোমবার সকাল থেকে এ ধর্মঘট শুরু করেছে তারা। এ কর্মসূচির ফলে গত ৬ দিনে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে অনেক কম। আর যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় জানান, রোববারের মধ্যে দাবি না মেনে নেয়া হলে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেয়া হবে। প্রয়োজনে প্রশাসনিক ভবনে তালা মেরে প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দেয়া হবে।
এদিকে, ভর্তি পরীক্ষার ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৩ জনকে কেন স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হবে না এই মর্মে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে রিজেন্ট বোর্ড।
গত বৃহস্পতিবার অভিযুক্ত ৩ ছাত্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পিএইচডি কোর্সের অধ্যায়নরত অরুন কান্তি রায়, জিয়া হলের সভাপতি ও বিজনেস স্টাডিজ বিভাগের লেভেল-৪ সেমিস্টার ১ এর ছাত্র এসএম জাহিদ হাসান এবং ছাত্রলীগ নেতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল ২ সেমিস্টার ১ এর ছাত্র অনিন্দ্য দত্ত অনতুকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তাদেরকে ৭ দিনের মধ্যে নোটিশের জবাব ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিকেলে হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০৩ নং কক্ষে অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সময় রংপুরের পীরগাছা এলাকার আবুল হোসেন লিটন নামে একজনকে অটক করে দায়িত্বরত শিক্ষক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাবিপ্রবির কর্তৃপক্ষ ওই দিন বিকেলে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি ছাত্রলীগ শাখার সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বরখাস্ত করে। ওই ২ ছাত্রলীগ নেতাকে বহিস্কারের প্রতিবাদে তারা রাত থেকেই প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করে। পরের দিন বুধবার সকাল থেকেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রশাসনিক ভবন ঘেরাও, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।