নারী অধিকার, সাংবাদিকতা এবং সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখায় প্রয়াত সাংবাদিক বেবী মওদুদসহ তিন নারীকে সম্মাননা প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশন।
শুক্রবার সকালে এসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন।
এসময়, শিক্ষার মাধ্যমে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে নিজেদের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে নারীদের প্রতি আহবান জানান তিনি।
রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের তৃতীয় পুর্নমিলনীর আনন্দ আয়োজনে অন্যরকম হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্রের প্রাঙ্গন। পৌষের শীত উপেক্ষা করে বয়সের সীমানা ভুলে প্রিয় বন্ধুদের সাথে আড্ডা, গল্প আর স্মৃতিচারণায় মেতে ওঠেন রোকেয়া হলের সাবেক ছাত্রীরা।
জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন আর বেলুন উড়িয়ে এসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দীক ও বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ।
পরে, পুর্নমিলনীর অনুষ্ঠানে নিজ নিজ অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ অভিনয় শিল্পী ফেরদৌসী মজুমদার, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি নারী নেত্রী আয়শা খানম এবং প্রয়াত সাংবাদিক বেবী মওদুদকে সম্মাননা প্রদান করা হয়।
এসময়, অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, নারীর অগ্রগতির পথে এখনও যেসব বাধা রয়েছে তা দূর করতে নারীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া প্রয়োজন।
নারী শিক্ষা ছাড়া কোনো দেশের অগ্রগতি সম্ভব নয়— উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দীক ভরেন, শিক্ষার মাধ্যমে নারীকে আরও এগিয়ে আসতে হবে।