উচ্চ শিক্ষার নামে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় অনিয়ম, দুর্নীতি, বেআইনি ক্যাম্পাস স্থাপন করে স্বার্থ হাসিলের চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সকালে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিনি-আইইউবি'র ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী আরও বলেন, এরইমধ্যে অর্ধশত বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে গেলেও কিছু প্রতিষ্ঠান অধিক মুনাফা লাভের আশায় আইন না মেনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে একাধিকবার নোটিশ করা হলেও তারা জবাব না দেয়ায় এখন সরকার আইনগত ব্যবস্থার দিকেই এগোবে।
উচ্চ শিক্ষার সম্ভাবনাময় খাত বেসরকারি বিশ্ববিদ্যালয় উল্লেখ করে, দেশের বাস্তবতা ও আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফি নির্ধারণ করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি।
সমাবর্তনে ১ হাজার ১৬৩ জন শিক্ষার্থীকে উচ্চতর ডিগ্রি প্রদান করা হয়। আর ৫ কৃতী শিক্ষার্থীকে আচার্যের স্বর্ণপদক দেয়া হয়।