প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকালে গণভবনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের নথি তুলে দেন।
এ বছরের প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৭.৯২ শতাংশ। সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন শিক্ষার্থী। ইবতেদায়িতে পাসের হার ৯৫.৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৪১ জন শিক্ষার্থী। সমাপনীর ফলাফলে সারাদেশে প্রথম হয়েছে মনিপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ।
দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনের পর বিদ্যালয় ও মাদ্রাসাগুলোয় ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে ফল পাওয়া যাচ্ছে।
খুদেবার্তায় ফলাফল: মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। সমাপনীর ফলাফল মুঠোফোনে পেতে মেসেজ অপশনে গিয়ে DPE লিখে স্পেস দিয়ে থানা বা উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখতে হবে। এরপর বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি খুদেবার্তায় ফলাফল জানিয়ে দেয়া হবে। তবে ইবতেদায়ির ফলাফল জানতে DPE পরিবর্তে EBT লিখতে হবে।
উপজেলা বা থানা কোড হিসেবে সরকারি বা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা ব্যবহার করতে হবে।
গত ২৩ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। প্রায় ৩১ লাখ শিক্ষার্থী সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষায় অংশ নেয়।