ছয় দফা দাবিতে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবরোধ কর্মসূচি শুরু করলেও পরে তা স্থগিত করেছে ছাত্রলীগের শাটল ট্রেনে বগিভিত্তিক গ্রুপ ভিএক্স।
অবরোধকারীরা শনিবার সকালে শহর থেকে ক্যাম্পাস অভিমুখী দুটি শাটল ট্রেনের বারটি হোসপাইপ কেটে দিলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মেরামত করে আবার চালু করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ট্রেনের হোসপাইপ মেরামতের পরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সকালে, অবরোধে ট্রেন চলাচল বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে যেতে পারেননি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পরীক্ষা ও ক্লাশ কার্যক্রম ব্যাহত হয়। তবে বিশ্ববিদ্যালয়ে চলাচলরত শিক্ষক বাস অবরোধের আওতামুক্ত ছিল।
উল্লেখ, ১৪ ডিসেম্বর ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ সিএফসি ও ভিএক্সের সংঘর্ষের জেরে খুন হন সংস্কৃত বিভাগের ছাত্র তাপস সরকার। নিহত তাপস সিএফসির কর্মী ছিলো। এরপর পুলিশ ভিএক্সের বেশ কয়েকজনকে আসামি করে দুটি মামলা দায়ের করে। পাশপাশি পুলিশি তল্লাশির মুখে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের নিয়ন্ত্রণ হারায় তারা।
এরপর মূল হত্যাকারীদের আটক, হাটহাজারী থানার ওসিকে প্রত্যাহারসহ ছয়দফা দাবিতে অবরোধের ডাক দেয় ভিএক্স। মাঝখানে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুইদফা অবরোধ পিছিয়ে শনিবারে অবরোধ কর্মসূচি পালন করেছে ভিএক্স।