বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতাল কর্মসূচি ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা আওতায় পড়বে না। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।
এতে বলা হয়, হরতাল-অবরোধ কর্মসূচি বহাল থাকবে। তবে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা এ কর্মসূচির আওতায় পড়বে না।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে রাজধানীসহ সারাদেশে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ওই দিন বিকেল পৌনে ৪টার দিকে কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করেন খালেদা জিয়া।
প্রায় এক ঘণ্টা গাড়িতে অবস্থানের পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তিনি। টানা অবরোধের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ২০ দল হরতালও পালন করছে।
এদিকে, গত মঙ্গলবার চলমান অবরোধের মধ্যে রাজধানীসহ ঢাকা ও খুলনা বিভাগের সব জেলায় বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।