পরীক্ষা পেছানো হলেও অনিশ্চয়তা কাটছে না এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। হরতাল-অবরোধের নামে বিভিন্ন নাশকতার কারণে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। সন্তানদের পড়াশোনা নিয়ে শঙ্কিত অভিভাবকরাও। দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি তাদের।
সোমবার সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে শুক্রবার তা পিঁছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে রোববার। ২০ দলের অবরোধ আর হরতালের কারণে আগের দিন এভাবে পরীক্ষা পিঁছিয়ে যাওয়ায় অনিশ্চয়তা বাড়ছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে প্রায় দেড় লাখ শিক্ষার্থী এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। হরতালের কারণে উদ্বিগ্ন তারা। আন্দোলনের নামে ২০ দলের হরতাল-অবরোধে পেট্রোলবোমা কিংবা ককটেল হামলার মত নাশকতার কারণে সন্তানদের পরীক্ষা নিয়ে উদ্বেগ-উৎকন্ঠার শেষ নেই অভিভাবকদের।
পরীক্ষার সকল প্রস্তুতি প্রায় শেষ— উল্লেখ করে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, হরতাল-অবরোধ উপেক্ষা করে নির্বিঘ্নেই অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।