পরীক্ষার দিন ছাড়া অন্যান্য দিনে হরতাল দিতে পারেন— এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ওই দিনগুলো ছাড়া আপনারা- আপনাদের কর্মসূচি চালিয়ে যেতে পারেন।
শনিবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল পরিদর্শন শেষে মন্ত্রী এ অনুরোধ জানান।
এসএসসি পরীক্ষার্থীদের স্বার্থে হলেও মধ্যে বিএনপি-জামাতের হরতাল সন্ধ্যার মধ্যে প্রত্যাহারের আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
এ সময় মানুষ পুড়িয়ে মারা, গাড়িতে আগুন দেয়া, ককটেল-পেট্রোলবোমা নিক্ষেপ এগুলো রাজনীতি নয় জানিয়ে—মন্ত্রী বলেন, এমন রাজনীতি থেকে সকলের ফিরে আসা উচিৎ।
মন্ত্রী আরো বলেন, যারা এসএসসি পরীক্ষার্থী তারা তো কোনো দলের নয়—তাদের মধ্যে বিএনপি নেতাদের ছেলেমেয়েও আছে, জামাতের নেতাদের ছেলেমেয়েও আছে। আন্দোলনের নামে তাদের শিক্ষাজীবন ধ্বংস করা হবে, এটা কিছুতেই মেনে নেয়া যায় না।
মন্ত্রী বলেন, ‘আমি আরেকবার বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, পরীক্ষার দিন তারা যেন হরতাল প্রত্যাহার করা হয়। হরতাল প্রত্যাহার করে ১৫ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার পথটা সুগম করে দিন। পরীক্ষার দিন ছাড়া তারা অন্য যেকোনো দিন চাইলে হরতাল দিতে পারে।’
সকাল সোয়া ১০টার দিকে মন্ত্রী কলেজিয়েট স্কুল পরিদর্শনে যান। এরপর তিনি চট্টগ্রাম সরকারি মুসলিম ঊচ্চবিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান ও বোর্ড সচিব পীযূষ দত্ত।