এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল-বিকাল দুইটি করে নেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সকাল-বিকাল দুইটি করে পরীক্ষা নেয়া হবে না। এটা গুজব, আপনারা এ গুজবে কান দেবেন না। ছেলে-মেয়েদের মনের কথা বুঝি, দিনে দুইটি পরীক্ষা নেয়া হবে না। দিনে দুইটি করে পরীক্ষার সেই দিন আর নেই। কৌশলে পরীক্ষাগুলো শেষ করে ঠিক সময়েই ফল প্রকাশ করা হবে।
চলমান পরিস্থিতির উত্তরণে কয়েকজন অভিভাবক দুই নেত্রীকে সংলাপে বসাতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানালেও মন্ত্রী এ বিষয়ে কিছু বলেননি।
বিএনপি নেতৃত্বাধীর ২০ দলীয় জোটের হরতালের কারণে পিছিয়ে দেয়া এসএসসি'র ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা গত ৮ ফেব্রুয়ারির পরীক্ষা হচ্ছে শুক্রবার।
উল্লেখ্য, ২০ দলের হরতালের কারণে দুই দফা পেছানোর পর অবরোধের মধ্যেই গত শুক্রবার শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়।
সারাদেশে ৮টি বোর্ডের অধীনে ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। একযোগে পরীক্ষা নেয়া হচ্ছে মোট ৩ হাজার ১১৬টি কেন্দ্রে।
শিক্ষার্থীদের নিরাপত্তায় পরীক্ষাকেন্দ্রগুলো ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।