আগামীকালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
বুধবার এসএসসিতে পর্দাথ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শিক্ষামন্ত্রী বলেন, চলমান সহিংসতার কারণে শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাসের যে ঘাটতি দেখা দিয়েছে তা অর্ধশত বছরেও পূরণ হবে না। আমরা খুবই উদ্বিগ্ন। শিক্ষার্থীদের আমরা ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারি না। ফলে আমরা বুধবারের পরীক্ষাও পেছানোর সিদ্ধান্ত নিয়েছি। বুধবারের পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অন্য সব পরীক্ষা যথারীতি চলবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতালের সময় বাড়ানোয় বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আবারো পেছানো হলো।
২০ দলের হরতালের কারণে এবার এসএসসির পরীক্ষা নেয়া হচ্ছে শুক্র ও শনিবার।
এর আগে অবরোধের মধ্যে গত রোববার থেকে দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দল। এ হরতাল শেষ হওয়ার কথা ছিল বুধবার সকাল ৬টায়। এদিকে, দুপুরে চলমান হরতাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে।