বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধ ও হরতালের কারণে এসএসসি ও সমমানের রোববার ও মঙ্গলবারের পরীক্ষা পিছিয়েছে। শনিবার নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, হরতাল-অবরোধের কারণে ২২ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের সব পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবারের সব পরীক্ষা আগামী ৬ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ সময় শিক্ষামন্ত্রী আবারও বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রতি পরীক্ষা চলাকালে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান।
এছাড়া এসএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে আশাবাদও প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালের কারণে তা নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। এরপর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত না হওয়া পাঁচটি পরীক্ষা গত ৬, ৭, ১৩, ১৪ ও ২০ ফেব্রুয়রি অনুষ্ঠিত হয়।