বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালে সময় ৪৮ ঘণ্টা বাড়ানোয় আগামীকালের (বুধবার) এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাটির নতুন সময়সূচি পরে জানানো হবে।
এদিকে, এসএসসি পরীক্ষার মত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিজি প্রেসে প্রশ্নপত্র ফাঁস রোধে গঠিত মনিটরিং কমিটির বৈঠকে তিনি বলেন, যদি কারো বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়, তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। প্রশ্নপত্র তৈরির সঙ্গে জড়িত সকলকে মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছে।
একটি মহল সরকারকে বিতর্কিত করতেই প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ায় বলে মন্তব্য করে তিনি সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
২০ দলীয় জোট এসএসসি পরীক্ষার মধ্যে অবরোধ হরতাল ডেকে শিক্ষার্থীদের জীবন হুমকির মধ্যে ফেলে দিয়েছে উল্লেখ করে এইচএসসি পরীক্ষার সময় এ ধরনের কর্মসূচি না দেয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।