শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করার জন্য এবং শিক্ষা বিধ্বংসী সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের সকল কলেজগুলোতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
শনিবার মানববন্ধনে অংশ নিয়ে ২০১৮ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট মুক্ত করতে যে কর্মসূচিগুলো হাতে নেয়া হয়েছে তা রাজনৈতিক সহিংসতার কারণে বিপর্যস্ত হয়ে পড়ছে বলে মন্তব্য করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
আর হরতাল-অবরোধ বন্ধ করে শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানান শিক্ষার্থীরা।
হরতাল-অবরোধ বন্ধ করে সঠিক সময়ে ক্লাস-পরীক্ষা নেয়ার মাধ্যমে সেশনজট কমানোর দাবিতে শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত দেশের সকল কলেজগুলোতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল-ফটকের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।
মানববন্ধনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
হরতাল-আবরোধের মতো সহিংস কার্যক্রম বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন মানবন্ধনে অংশ নেয়া শিক্ষক ও শিক্ষার্থীরা।