কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়-ইবি খুলে দেয়ার দাবিতে সোমবার সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদানে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দীর্ঘ ১১৩ দিন বন্ধ থাকায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে দিয়ে ক্লাশ-পরীক্ষা চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা স্মারকলিপি দিতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
সোমবার সকাল ১০টায় শিক্ষার্থীরা কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় ঝিনাইদাহ সড়কের কাস্টমমোড়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাস থামিয়ে তাদের নামিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থীরা মানববন্ধনসহ অবস্থান কর্মসূচি পালন করেছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের সমবেত দুই শতাধিক শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিনা উস্কানীতে সু-শৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদানে পুলিশ বাধা দিয়ে প্রশাসনের নগ্নতাকেই প্রকাশ করেছে।
শিক্ষার্থী আরো বলেন, আগামী ১৮ মার্চ ক্যাম্পাস খুলে ক্লাশ-পরীক্ষা চালুর দাবিতে ঘোষিত অনির্দিষ্টকালে অনশন কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করতে চাইলে তাতে হস্তক্ষেপ করেছে প্রশাসন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.লোকমান হাকিম জানান, শিক্ষার্থীদের দাবি একেবারেই ন্যায় সংগত। তবে কি কারণে পুলিশ তাদের বাধা দিয়েছে সে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর নিজস্ব ব্যাপার।
এ বিষয়ে মডেল থানার বারপ্রাপ্তকর্মকর্তা -ওসি তদন্ত রবিউল ইসলাম জানান, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় তাদের ক্যাম্পাসে যেতে দেয়া হয়নি।