হরতাল-অবরোধে পরীক্ষায় নানা ধরনের বিঘ্ন সৃষ্টি না হলে এবার পাসের হার গতবছরের চেয়েও বাড়ত-- মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ১০টার দিকে গণভবনে শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের পর তিনি এ কথা বলেন।
প্রতিকূল অবস্থার মধ্যে পরীক্ষা দিয়েও পাসের হার এতো বেশি হওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, হরতাল-অবরোধ না থাকলে ও পরীক্ষার সময় বারবার না বদলাতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) পাসের হার আরও বাড়ত। প্রতিকূল অবস্থায়ও এত পাসের হার কম কথা নয়। আগামীতে আবারো আন্দোলনের নামে নাশকতা চালিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত করার চেষ্টা করা হলে সরকার ক্ষমা করবে না।
পরীক্ষায় পাস করা সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা আরো বলেন, লেখাপড়ার সুন্দর পরিবেশ পেলে আরো ভাল ফল করার সুয়োগ পেত শিক্ষার্থীরা। আগামীতে যাতে উপযুক্ত পরিবেশে শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ পায় সেদিকে সরকার নজর দিচ্ছে।
প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই সরকারের লক্ষ্য— এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ছেলেমেয়েরা যাতে ঘরের কাছে ঊচ্চশিক্ষা নিতে পারে সরকার সেই সুযোগ সৃষ্টি করতে চায়। কোনো জাতিকে উন্নত হতে হলে শিক্ষিত হতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি দারিদ্র্যমুক্ত হতে পারবে না।
রাজনীতির নামে সহিংসতা চালিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যঘাত সৃষ্টির পথ থেকে বিএনপি সরে আসবে- এমন আশা প্রকাশ করে আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সরকার কোনো ছাড় দেবে না বলেও হুঁশিয়ার দেন প্রধানমন্ত্রী।
এসএসসি পরীক্ষা চলাকালে রাজনৈতিক সহিংসতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপির জ্বালাও-পোড়াও, হরতাল, অবরোধের কারণে বারবার পরীক্ষার সময়সূচি বদলাতে হয়েছে। এতে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়েছে।
দেশের কেউ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেজন্য শিক্ষকসহ সমাজের সকলকে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।
পরে নীলফামারী ও রাঙামাটি জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় রাঙামাটির সব স্কুলকে আবাসিক করার পাশাপাশি নীলফামারী স্কুলগুলোকে ডিজিটাল করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।