বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে শিক্ষাখাতে আরও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন ঢাকায় সফররত শান্তিতে নোবেলজয়ী ভারতীয় মানবাধিকারকর্মী কৈলাস সত্যার্থী।
একই সঙ্গে তিনি মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর পাশাপাশি বাল্যবিয়ে নিরসনের ওপর জোর দেন।
রোববার সচিবালয়ে সকালে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
এদিকে, রাজধানীতে শিক্ষা বিষয়ক এক সেমিনারে শিক্ষাখাতে উন্নয়নে বেসরকারী বিনিয়োগের আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বেসরকারি সংস্থা গণস্বাক্ষরতা অভিযানের আমন্ত্রণে শুক্রবার চারদিনের সফরে ঢাকায় পৌঁছান ভারতের মানবাধিকারকর্মী, বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা এবং শান্তিতে নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী।
সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে বলেন, শিক্ষাখাতে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। তবে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে।
এরপর রাজধানীর আগারগাওয়ে অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক এক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে যোগদেন তিনি।
তিনি তার বক্তব্যে শিক্ষাখাতে বিনিয়োগে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গত ছয় বছরে বাংলাদেশে শিক্ষাখাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সবার সহযোগিতাতেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
আর বিশেষ অতিথির বক্তব্যে কৈলাস সত্যার্থী বাংলাদেশে বাল্যবিয়ের ক্ষেত্রে বয়স না কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী অটল থাকবেন বলে আশা প্রকাশ করেন।