ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ বিলম্বিত হওয়ায় কলেজে শিক্ষার্থী ভর্তির সময়ও একদিন বাড়ানো হবে–জানিয়েছেন কমিটির সভাপতি ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক। রোববার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন , কারিগরি জটিলতায় তিন দিন ধরে আটকে থাকা কলেজে ভর্তির মেধা তালিকা আজই প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরো বলেন, ‘প্রোগ্রামে যে সমস্যা ছিল তা কাটিয়ে ওঠা গেছে— এখনো কিছু সমস্যা আছে, সেটা কাটিয়ে আজই তালিকা প্রকাশ করা যাবে বলে আশা করছি।’
গত ৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০১৩ ও ২০১৪ সালে পাস করা মোট সাড়ে ১১ লাখ শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য এ তালিকার অপেক্ষায় রয়েছেন।
মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বলা হয়েছিল। www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এ তালিকা পাওয়া যাবে।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ থেকে ৩০ জুন বিলম্ব ফি ছাড়া প্রথম মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি করে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল।
তবে সারাদেশের সব কলেজে ভর্তির জন্য মনোনীতদের তথ্য সমন্বিত করে ওই ওয়েবসাইটে প্রকাশ করতে গিয়ে জটিলতায় পড়ে বুয়েটের আইআইসিটি, যারা এ কাজে শিক্ষা মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা দিচ্ছে।
অধ্যাপক আবু বক্কর বলেন, এবার মোট ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছেন। তবে একাধিক আবেদন করার সুযোগ থাকায় আবেদন জমা পড়েছে মোট ৩৩ লাখ। তাছাড়া একেকজন শিক্ষার্থীর কলেজ বাছাইয়ের জন্য অনেকগুলো ‘চয়েস’ রয়েছে। সব তথ্য একসঙ্গে সমন্বয় করতে গিয়ে প্রোগ্রামে জটিলতা দেখা দিয়েছিল।
জানা গেছে, ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তির সুযোগ থাকবে। ক্লাস শুরু হবে ২ জুলাই।
তবে রোজার ছুটির সময় হয়ে আসায় ঈদের পরই পুরোদমে ক্লাস শুরু করা সম্ভব হবে বলে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান।
গত কয়েক বছর ধরেই মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এবার কলেজে ভর্তি হতে গত ৬ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করেন শিক্ষার্থীরা।
এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেননি, তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। নতুন করে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।