চার দফা পেছানোর পর একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফলের তালিকা প্রকাশিত হলেও কলেজগুলোতে এ তালিকা না পৌঁছানোয় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
একইসঙ্গে ভোগান্তির তালিকায় যোগ হয়েছে ট্রান্সক্রিপ্টে ভুল। ভর্তির সময় একদিন বাড়ালেও এসব ভোগান্তির কারণে নির্দিষ্ট সময়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারবে কিনা এ নিয়েও সংশয়ে কলেজগুলো। তবে ভর্তির সময় ২ জুলাই পর্যন্ত চললেও একদিন আগেই শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।
তিন দফা পেছানোর পর রোববারের মধ্যেই একাদশ শ্রেণির ভর্তির ফলাফল ঘোষণা করার কথা থাকলেও নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। একইসঙ্গে এসএমএসের মাধ্যমেও ফলাফল পৌঁছে যায় শিক্ষার্থীদের হাতে।
ফলাফলের তালিকা চূড়ান্তের মধ্য দিয়েই ভোগান্তি শেষ হবে এ ভেবে চাঁদপুর থেকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে এক শিক্ষার্থী জানান ভর্তি হতে সমস্যা হচ্ছে।
জানা গেছে, ফলাফল পাওয়ার পরেও ভর্তি নিয়ে পড়তে হয়েছে বিড়ম্বনায় শিক্ষার্থীদের।
একই সঙ্গে নম্বরপত্র ভুলের কারণে ইচ্ছে থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষার্থীরা।
এদিকে, অভিভাবকরা অভিযোগ করছেন, অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার নিয়ম করা হলেও পেশি শক্তির ব্যবহার দেখিয়ে ভর্তির নিয়ম ভঙ্গ করা হচ্ছে।
তবে, ফলাফলের তালিকা কলেজগুলোতে না পৌঁছানোর ফলে বিড়ম্বনায় পড়তে হয়েছে কলেজগুলোকে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি নিতে পারবেন কিনা এ নিয়েও সন্দেহ প্রকাশ করছেন কর্তৃপক্ষ।