সরকারের নির্দেশনা অনুযায়ী ১ জুলাই থেকেই বেশ কিছু কলেজে শুরু হয়েছে একাদশ শ্রেণির ক্লাস। তবে ভর্তির সময় শেষ না হওয়ায় ক্লাস শুরু করতে নারাজ অনেক কলেজ কর্তৃপক্ষ। ঈদের ছুটির পরই শুরু করা হবে একাদশ শ্রেণির ক্লাস বলে জানান ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন।
রোববার তিনি সংবাদিকদের এ কথা বলেন।
এদিকে, অনেক শিক্ষার্থী প্রথম দিনের ক্লাসে উপস্থিত হতে পারলেও ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের দিন কাটছে অনিশ্চয়তায়।
অধ্যক্ষ সুফিয়া খাতুন বলেন, সরকারের এ ধরনের নির্দেশনা থাকলেও ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়ায় ক্লাস শুরুর বিষয়টিকে মেনে নেয়া হয় নি। প্রথম দিনের ক্লাস থেকে কোনো শিক্ষার্থীকেই বঞ্চিত করতে চান না তারা বলেও জানান তিনি।
তবে, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ড.উম্মে সেলিনা বেগম বলেন, ভর্তির সময় শেষ না হলেও তারা শুরু করেছে প্রথম দিনের ক্লাস। ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে নতুন শিক্ষার্থীদের। পরিচিতি পর্বের মধ্যেই রেখেছে ক্লাসের সীমাবদ্ধতা।
চার দফা পেছানোর পর রোববার মধ্যরাতে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফলের তালিকা প্রকাশ করে শিক্ষা বোর্ড। ভর্তির সময় ২ জুলাই পর্যন্ত বাড়ানো হলেও ১ জুলাই থেকেই ক্লাস শুরু হওয়ার কথা জানান বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মো. আবু বক্কর ছিদ্দিক।
এদিকে, অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ায় শিক্ষার্থীদের জীবন থেকে সরছে না ভুলের বোঝা। সংশোধনের অপেক্ষার প্রহর গুনা ছাড়া কিছুই করার নেই এসব শিক্ষার্থীর। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের কলেজে ভর্তি হওয়া।