রংপুর সরকারি নার্সিং কলেজের ৩ শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাদের অপসারণের দাবিতে বৃহস্পতিবারও তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
তিন শিক্ষক হলেন: রিজিয়া খাতুন, রেহেনা খাতুন ও খালেদা বানু।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এই ৩ শিক্ষক বহিরাগত ছাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হলে থাকতে সুযোগ করে দেয়। শুধু তাই নয় তাদের ক্লাস বিরতি দিয়ে এসব বহিরাগত বেসরকারি নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা গ্রহণ করে। এছাড়া, কলেজের শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।
ছাত্রীদের ডাইনিং এ অতিরিক্ত টাকা আদায় অনিয়মের কথা বললে ভয়ভিতী দেখিয়ে পরীক্ষায় ফেল করিয়ে দেয়া, শিক্ষার্থীদের প্রতি মাসের শিক্ষা ভাতা প্রদান না করে আত্মসাৎ করাসহ ১০টি অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ বরাবর অনেকবার আবেদন নিবেদন করেও কোন কাজ হয়নি বলে শিক্ষার্থীরা অভিযোগ করে।
পরে মঙ্গলবার সকাল থেকে কলেজ শিক্ষার্থীরা এই তিন শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত অনিদৃষ্টকালের জন্য ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়।