পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার বিকেলে সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম সুষ্ঠু রাখতে শিগগিরই অস্থিরতা দূর করতে হবে। নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেই দিক নির্দেশনা দেয়া হবে।
সম্প্রতি নিয়োগ, পদন্নোতি, চাকরি স্থায়ীকরনসহ বিভিন্ন কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতার সৃষ্টি হয়।
এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন শিক্ষামন্ত্রী।