নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থীই পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারবে না। গত ১ মার্চ জারি করা একটি পরিপত্র বাতিল করে সোমবার নতুন এ আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলেও ক্লাসে ৭০% উপস্থিত থাকলে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার নির্দেশনা দিয়ে এর আগে একটি পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন আদেশে বলা হয়, পরিপত্রটি জারির পর শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যোগ্যতাবিহীন অনুত্তীর্ণ শিক্ষার্থীকে পাবলিক পরীক্ষায় পাঠানো হলে মেধাবী শিক্ষার্থীদের উপর এর বিরূপ প্রভাব পড়বে বলেও উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, শুধুমাত্র হাজিরার ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিলে লেখাপড়ায় শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হবে।