এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে ৩ জন অবৈধ বিকাশ এজেন্টকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার তাদের সাংবাদিকদের সামেন হাজির করে ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অপরাধের জন্য নকল বিকাশ অ্যাকাউন্ট খুলে অবৈধভাবে আর্থিক লেনদেন করে আসছিল।
সোমবার রাতেও পুলিশের অভিযানে একই এলাকা থেকে ৩ জন ভূঁয়া বিকাশ এজেন্টকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় অবৈধভাবে সংরক্ষিত ৩০০ মোবাইল সিম কার্ড, ৯০০ পাসপোর্ট সাইজ ছবি এবং সাড়ে ৮০০ নকল জাতীয় পরিচয় উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, ভূঁয়া বিকাশ অ্যাকাউন্ট আর অবৈধ সিম কার্ড ব্যবহার করে শিক্ষকদের সমন্বয়ে একটি চক্র বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তুলে।
এ ঘটনার সঙ্গে আরো কোন কোন ব্যক্তি জড়িত তা খতিয়ে দেখতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি মুখপাত্র।
গত রোববার রাতে ডেমরার গোলাম মোস্তফা মডেল কলেজের ৩ জন শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, চলতি বছরেও ফেইসবুকে ছড়িয়ে পড়ে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র। পরে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জুলাই মাসে ৬ জনসহ বিভিন্ন সময়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০১৪ সাল ৪টি পাবলিকসহ বেশ কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যাপক আলোচিত ছিল। ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সাজেশন আকারে ছড়িয়ে পড়ে প্রাথমিক সমাপনী, জেএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসিসহ অন্যান্য অনেক পরীক্ষার প্রশ্ন।