বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ-শনিবার। ১৯৭১ সালের এ দিনে যশোরের ঝিকরগাছা উপজেলায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে লড়াই করতে করতে শহীদ হন তিনি।
দিবসটি উপলক্ষে আজ তার জন্মস্থান নড়াইলে নূর মোহাম্মদ নগরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু দীর্ঘ ১০ বছরেও তার নামে প্রতিষ্ঠিত কলেজটি এমপিওভুক্ত না করায় মানবেতর জীবন যাপন করছেন কলেজের শিক্ষক ও কর্মচারীরা।
প্রতিষ্ঠার ১০ বছর পরও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় দুর্দশায় রয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা বলে জানান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রওশন আলী।
কলেজে কোনো ভবন না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।
অবিলম্বে কলেজটির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরিফ।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের তৎকালীন মহিষখোলা গ্রাম, বর্তমান নূর মোহাম্মদ নগরে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালের ১৪ মার্চ তৎকালীন ইস্ট পাকিস্তান রেজিমেন্টে যোগদেন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ৮নং সেক্টরের সাবেক ইপিআর ও বাঙালি সেনাদের নিয়ে গঠিত একটি কোম্পানিতে যোগ দেন। ৭১ এর ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে সঙ্গীদের জীবন বাঁচাতে এক সম্মুখযুদ্ধে লড়াই করতে করতে শহীদ হন তিনি। তার অসামান্য আত্মত্যাগের জন্য তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।
জাতির এ শ্রেষ্ঠ সন্তানের নামে ২০০৫ সালে তার জন্মস্থানে স্থানীয়দের উদ্যোগে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এক একর জমির ওপর প্রতিষ্ঠিত কলেজটিতে প্রায় তিনশ শিক্ষার্থী লেখাপড়া করছেন। এখানে ১৯ জন শিক্ষকসহ মোট ২৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।