টানা ৪ ঘণ্টা সড়ক অবরোধ করার পর রামপুরার সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা। বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে এবং শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ছোড়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে দুপুর ১২টার দিকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে মিছিল করতে গেলে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুঁড়লে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারি রেজিস্টারসহ কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর আফতাব নগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করে। মিছিলটি রামপুরা ব্রিজে উঠতে গেলে পুলিশ বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। এতে আহত হন একজন সহকারি রেজিস্ট্রারসহ কমপক্ষে ২০ শিক্ষার্থী।
এ ঘটনার পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রধান সড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীরা বলছেন টিউশন ফির উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও পুলিশের গুলি ছোঁড়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানান তারা।
শিক্ষার্থীদের এ অবস্থান কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বাড্ডা, রামপুরা, মালিবাগ সড়কটি যানজটে একেবারেই স্থবির হয়ে পড়ে।
সরকার চলতি অর্থবছরে বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফির উপরে সাড়ে ৭% হারে ভ্যাট আরোপ করে। এরপর থেকেই ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে আসছে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।