টিউশন ফির সঙ্গে মূল্য সংযোজন করের নামে নেয়া অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে টিউশন ফিও বাড়বে না বলে ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে, সকাল থেকে অবরোধ করা রামপুরার রাস্তা ছেড়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যান চলাচল শুরু করেছে রাস্তায়।
বৃহস্পতিবার শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রেসবিজ্ঞপ্তির পর এ ঘোষণা দেয় এ দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের এ ঘোষণার পর আন্দোলনরত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অবরোধও তুলে নেয়। অবশ্য, ভ্যাটের বিষয়ে এনবিআরেরর প্রেসবিজ্ঞপ্তি হাতে এলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করে। তাদের সেই দাবির ১০ মিনিটের মধ্যে এ ঘোষণা আসে।
তবে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো তাদের অবরোধ কর্মসূচি পালন করছে।
দুপুরে নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি—উল্লেখ করে এনবিআর প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়েছে, ভ্যাট বাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনোক্রমেই শিক্ষার্থীদের নয়।