বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ও ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে, বিশ্ববিদ্যালয় মালিক সমিতি আরোপিত ভ্যাট পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সকালে রাজধানীর ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আন্দোলনত শিক্ষার্থীদের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রোববার সকাল থেকে নিজ নিজ ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।
আর দুপুরে স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে অপর একটি অংশ শনিবার থেকে ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি'র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বুধবারের মতো বৃহস্পতিবারও রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন সড়ক অবরোধ করায় রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।
তাদের এ বিক্ষোভ-সড়ক অবরোধ চলে রাত অবধি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কোনো সংঘর্ষ না হলেও রাতে ধানমন্ডিতে তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয় অজ্ঞাতপরিচয় তরুণরা।
সকালে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানায়, ভ্যাট প্রত্যাহারের দাবিতে রোববার থেকে নিজ নিজ ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে ।
ধানমন্ডিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে এর বিচারের দাবিও জানায় তারা।
এদিকে, সেমিস্টার ফি বাড়ানোর প্রতিবাদে শুক্রবার দুপুরে রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ।
‘নো ভ্যাট অন এডুকেশন’ এর ব্যানারে শনিবার থেকে ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের আরেক অংশ।
এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতি।