বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে অবরোধ, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে রাজধানীসহ বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার সকালে রাজধানীর কলাবাগান ও বনানীতে সড়ক অবরোধের পর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় অবরোধ করেন তারা।
প্রায় দেড় ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
একই দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ৪টি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার অবরোধের পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নো ভ্যাট অন এডুকেশন’এর পক্ষ থেকে বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে শনি থেকে সোমবার ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭% হারে ভ্যাট আরোপের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।
বুধবার রামপুরায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে এর প্রতিবাদে এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। এতে যানজটে পুরো রাজধানী কার্যত অচল হয়ে যায়।
এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিবৃতিতে জানায়, টিউশন ফি’র ওপর এ ভ্যাট আলাদা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে না বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারকে এ ভ্যাট পরিশোধ করবে।