শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
বিকেরে দুই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে আজ থেকে সেই ছুটি শুরু হলো। কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, তারা শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট নেবে না। যাদের কাছ থেকে ইতিমধ্যে ভ্যাট নেয়া হয়েছে তা তাদের পরবর্তী সেমিস্টারে সমন্বয় করা হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, ভ্যাটের ব্যাপারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তই বিশ্ববিদ্যালয় মেনে চলবে।