শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে-শাবিপ্রবি প্রশাসনিক পদ থেকে পদত্যাগকারী শিক্ষকদের আন্দোলন বাদ দিয়ে সপদে দায়িত্বে ফিরে আসার আহ্বান জানিয়েছেন উপাচার্য ড. আমিনুল হক ভূইয়া।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপাচার্য ভবনের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শিক্ষকরা অবিলম্বে আন্দোলন থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক সকল কার্যক্রমে অংশ নিবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন, আন্দোলনকারী শিক্ষকরা আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যা সমাধানে এগিয়ে আসবেন।
প্রায় ৫ মাস থেকে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রশাসন চালাতে অদক্ষতার অভিযোগ এনে শাবিপ্রবির উপাচার্য ড. আমিনুল হক ভূইয়ার অপসারণ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকদের একাংশের সংগঠন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ।
এরই অংশ হিসেবে আন্দোলনকারী ৩৫ জন শিক্ষক ৩৭টি পদ থেকে পদত্যাগ করেন। ৮ জন শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ করে পদগুলোতে নতুন নিয়োগ দেয়া হলেও অন্যপদগুলোর পদত্যাগ গ্রহণ করা হয়নি।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঈদ উল আযহার ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।