শিক্ষকদের পৃথক বেতন কাঠামো ও পদমর্যাদা সংক্রান্ত সমস্যা নিরসনের সৃষ্ট জটিলতার সমাধান শিগগিরই হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে শিক্ষক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকের এ কথা বলেন মন্ত্রী।
অষ্টম বেতন কাঠামোতে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ এবং বেতনেও বৈষম্য রাখা হয়েছে— এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে এরমধ্যে মন্ত্রিসভা কমিটি করে দিয়েছে, কমিটি বিষয়টি তদন্ত করে শিগগিরই এর সমাধান বের করবে।
আর শিক্ষক নেতারা আবারো স্বতন্ত্র বেতন কাঠামো নির্ধারণে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে বলেন, যে অবস্থানে তারা রয়েছেন এর থেকে পেছনে ফিরে তাকানো সম্ভব নয়। শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা।
আসছে কোরবানীর ঈদের আগেই অষ্টম বেতন কাঠামো নিয়ে জটিলতা সমাধানের তাগিদ দিয়েছেন আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেতারা।
দ্রুত সমাধান না হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ঝূঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এদিকে, নতুন বেতন স্কেলে বৈষম্য সৃষ্টি এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামের ২০টি সরকারি কলেজে দুই দিনের কর্মবিরতির পালন করছেন শিক্ষকরা।
পৃথক বেতন কাঠামো ও পদমর্যাদা সংক্রান্ত সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।
বৈঠকে শিক্ষকদের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামালসহ কয়েকজন শিক্ষক নেতা।
শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বৈঠকের আগে বলেন, মন্ত্রী তাদের ডেকেছেন। তারা গিয়ে তাদের কথাগুলো তুলে ধরবেন।
সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা সম্প্রতি অনুমোদিত অষ্টম বেতন কাঠামোয় শিক্ষকদের অবনমন ঘটেছে অভিযোগ করে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর দাবিতে আন্দোলনে করছেন।
বর্তমানে অবস্থান, সমাবেশ, মানববন্ধনের মতো কর্মবিরতির কর্মসূচিও দিয়েছেন এবং পালনও করেছেন। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পর বেতন বৈষম্য পর্যালোচনা করে সুপারিশ দিতে ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। শিক্ষকদের আপত্তি সত্ত্বেও কমিটির প্রধান হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্ত্রিসভায় অষ্টম বেতন স্কেল অনুমোদন হওয়ার পর আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে এটিই সরকারের প্রথম সভা। তবে অষ্টম বেতন স্কেল অনুমোদনের আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের একবার বৈঠক হলেও সে অনুযায়ী শিক্ষকদের দাবি পূরণ হয়নি। সেই থেকে তারা আন্দোলন করে আসছেন।