বেতন বৈষম্য দূরীকরণ কমিটি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদমর্যাদার বিষয়টি পর্যালোচনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় তিনি এ কথা বলেন।
এ ব্যাপারে কমিটির উপর আস্থা রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী এ সময় শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে শিক্ষকদের অনুরোধ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিষয়টি নিয়ে প্রশ্ন আছে। সমাধানের জন্য সরকার কাজ করছে। কমিটি পুর্নগঠিত হয়েছে। শিক্ষকদের অসন্তোষ বা উত্তেজনা থাকার কোন কারণ নেই। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের স্বার্থ দেখছে।
তিনি বলেন, ‘শিক্ষকরা বলছেন কাজ করবেন না, ক্লাস-পরীক্ষা নেবেন না, এটা যুক্তিযুক্ত হবে না— নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাবেন, ভর্তি পরীক্ষা চালিয়ে যাবেন, তাদের এ অনুরোধ জানাই।’
এ সময় মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যারা শিক্ষা মন্ত্রণালয়কে দোষারোপ করছে তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মেডিকেলের প্রশ্নপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হয়ে থাকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নয়।
মন্ত্রী বলেন, ‘বড় বড় লোক বড় বড় জায়গা থেকে আমাদের, এমনকি আমার নাম বলছে। তারা জানেনই না এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার। এটার জন্য আমাদের দায়ী করার কোনো কারণ নেই— এ বিষয়ে সিদ্ধান্ত দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।’