দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার পদ্ধতি পরিবর্তনের চিন্তা করছে সরকার—উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কম সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা গেলে প্রশ্নপত্র ফাঁসও রোধ করা যাবে।
রোববার সকালে সচিবালয়ে বিভিন্ন প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি একথা বলেন।
এসময় শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আন্দোলন থেকে বিরত থাকতে শিক্ষকদের প্রতি আহবান জানান শিক্ষামন্ত্রী।
নাহিদ বলেন, সরকার পরীক্ষা পদ্ধতিতে আধুনিকায়ন করতে চায়— তাই কিভাবে কম সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে।
এসময় নতুন বেতন কাঠামো নিয়ে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, আলোচনার মাধ্যমেই শিক্ষকদের দাবির বিষয়ে সমাধান করা হবে।
এর আগে, সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন প্রকল্প ও তার অগ্রগতি জানতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।
বর্তমান পদ্ধতিতে এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোতে দীর্ঘ সময় লেগে যায়। আর রাজনৈতিক কর্মসূচী থাকলে সময় দুই মাস ছাড়িয়ে যাওয়ার রেকর্ডও রয়েছে।
সরকার মনে করছেন, এতে ক্লাস বন্ধ থাকায় পাঠদান, ফলাফল প্রকাশে বিলম্বসহ শিক্ষা কার্যক্রম পিছিয়ে যায়। তাই এর পরিবর্তনের চিন্তা করা হচ্ছে।