মর্যাদা এবং বেতন কাঠামো নিয়ে উদ্বিগ্ন না হতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রয়োজনে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির মাধ্যমে শিক্ষকদের সমস্যা সমাধান করা হবে। পাশাপাশি শিক্ষকদের রাজপথ ছেড়ে শিক্ষাদানে মনোনিবেশ করারও পরামর্শ দেন তিনি।
সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় শিক্ষাখাতে সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষার গুণগত মান অর্জনই বড় চ্যালেঞ্জ।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল ঘোষণার পর থেকেই বেতন স্কেলে বৈষম্য দূর ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এমনকি দাবি না মানা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন তারা।
শিক্ষকদের এ ধরণের আন্দোলনের মাঝেই ৫ অক্টোবর পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় উদযাপন কমিটি। এসময় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আটজন শিক্ষককে সম্মাননা দেয়া হয়।
এর আগে, সকালে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি মোড়ে এসে শেষ হয়।