অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, জ্যেষ্ঠ অধ্যাপকের পদ সৃষ্টিসহ ৫ দফা দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।
অন্যথায় ১৩ ও ১৪ অক্টোবর সারাদেশে ক্লাস বর্জন এবং ১৮ অক্টোবর শিক্ষাভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এখন শিক্ষকেরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করেছেন। এসময় শিক্ষামন্ত্রী সমস্যা সমাধানে তাদেরকে আশ্বস্ত করেন।
সরকারি কলেজের শিক্ষকেরা তাদের জন্য পৃথক বেতন স্কেল চান না, বর্তমান বেতন কাঠামোতেই শিক্ষকদের দাবি পূরণ করা সম্ভব বলে জানান বক্তারা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের (মূলত কলেজশিক্ষক) সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শিক্ষকরা নেতারা সীমাবদ্ধতার মধ্যেও পাঠদান করে যাচ্ছেন উল্লেখ করে বলেন, বিগত সময়ের পদ বৈষম্য, বেতন বৈষম্যের সমস্যা সমাধান না করেই অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড, টাইমস্কেল তুলে দিয়ে নতুন জটিলতার সৃষ্টি করা হয়েছে।
সরকারের এমন সিদ্ধান্ত ক্যাডার থেকে বের করে দেয়ার অপচেষ্টা বলে উল্লেখ করেছেন তারা।
বৈষম্য নিরসনে আলাদা বেতন স্কেল চান না উল্লেখ করে শিক্ষক নেতারা বলেন, বর্তমান বেতন কাঠামোতেই শিক্ষকদের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি পূরণ করতে হবে। আর দ্রুততম সময়ের মধ্যে দাবি পূরণের কোনও আশ্বাস না পাওয়া গেলে অবিরাম আন্দোলন কর্মসূচি ছাড়া বিকল্প নেই বলেও জানান তারা
সভা থেকে শিক্ষক নেতারা বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, জ্যেষ্ঠ অধ্যাপকের পদ সৃস্টিসহ ৫ দফা দাবিতে তাদের আন্দোলন চলবে।
শিক্ষকেরা বলেন, ১০ অক্টোবরের মধ্যে দাবি আদায়ের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া না গেলে ১৩ ও ১৪ অক্টোবর তারা পূর্ণদিবস ক্লাস বর্জন করবেন। ১৮ অক্টোবর শিক্ষাভবনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পৃথক বেতন কাঠামো করার দাবি জানিয়ে আসছেন। সমিতির নেতাদের মধ্যে বক্তব্য দেন সভাপতি নাসরীন বেগম, মহাসচিব আইকে সেলিমুল্লাহ খন্দকার।
এদিকে, অষ্টম জাতীয় বেতন স্কেলে অধ্যাপকদের সিলেকশন গ্রেডও টাইম স্কেল রাখার দাবিতে বুধবার দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছেন সরকারি কলেজের শিক্ষকরা।
বিসিএস সাধারণ শিক্ষক সমতির উদ্যোগে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী কলেজের সামনে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
পরে বৈষম্য নিরসনের দাবিকে অগ্রাহ্য করে অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকদের বেতন স্কেল অবনমনের প্রতিবাদ এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূনর্বহালের দাবিতে তারা সংবাদ সম্মেলনের করেন।
একই দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে বরিশাল, মৌলভীবাজা সহ দেশের অন্যান্য জায়গায়।