ফাঁস প্রশ্নপত্রে নেয়া মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ভর্তিচ্ছুরা।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টা মধ্যে মানা না হলে শুক্রবার তারা সংহতি সমাবেশ করেছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সপ্তাহ ধরে রাজধানীর কেন্দ্রূীয় শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করে আসছেন তারা।
গত মঙ্গলবার শাহবাগের পর কারওয়ানবাজারে আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরের ঘেরাও কর্মসূচিতে বাধা দেয় পুলিশ।
দুপুর ২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর অভিমুখে রওনা দিলে রাজধানীর কাওরানবাজারে তাদেরকে আটকে দেয় পুলিশ। এসময় সংঘর্ষ বেধে গেলে লাঠিচার্জ ও পিপার স্প্রে করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ পুলিশ অস্বীকার করেছে।
এ কর্মসূচিতে ঢাকা মেডিকেল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেন। এ বিক্ষোভ কর্মসূচিতে অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।
প্রসঙ্গত: প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতমাস থেকে এ কর্মসূচি পালন করছেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
পরীক্ষার ফলাফল স্থগিত, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি ও পুনঃপরীক্ষা নেয়া দাবি জানান তারা।
তারা অভিযোগ করেন, পরীক্ষার দিন সকালে ও আগের রাতে ফেসবুকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং প্রশ্নপত্রের সঙ্গে তা মিলে রয়েছে।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান বলেন, পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা যুক্তিযুক্ত নয়— পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে।